এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ঐতিহ্যবাহী গৌরাঙ্গ মন্দিরের ব্যবহৃত প্রসাদীয় জায়গা রাতের আঁধারে ঘিরে দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মন্দিরসংলগ্ন কালিন্দিরানী সড়কে এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক ভক্ত ও স্থানীয় বাসিন্দা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মন্দিরের পৌরহিত সৌরভ মহারাজ বাবাজী। এসময় বক্তব্য দেন মন্দিরের স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শান্ত দে, সদস্য বাবু দাশ, সঞ্জয় দাশ, অনুপম আচার্য, কাঞ্চন দাশ, লিটন দাশ ও অসীম দাশসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের কাজে ব্যবহৃত জায়গাটি রাতের আঁধারে ঘেরাবেড়া দিয়ে দখল করা হয়েছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তারা জানান, প্রতি বছর জানুয়ারির ১৩, ১৪ ও ১৫ তারিখ উত্তরায়ণ তিথি উপলক্ষে এই মন্দিরে তিনদিনব্যাপী ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। ওই উৎসবে প্রায় ২৫ হাজার ভক্তের সমাগম ঘটে এবং দখলকৃত জায়গাতেই মূল আয়োজন পরিচালিত হয়ে থাকে।
বিক্ষোভকারীরা অবিলম্বে দখলমুক্ত করে জায়গাটি মন্দির কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
/এস.টি